কিশোরগঞ্জে নিরাপদ খাদ্য আইনে ৩ বেকারিকে ১০ লাখ টাকা জরিমানা

0

স্টাফ রিপোর্টারঃ

কিশোরগঞ্জে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১০ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ ও বিক্রি এবং খাদ্যের মোড়কে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

 

শনিবার (২৬ সেপ্টেম্বর) কিশোরগঞ্জের মারিয়া বিসিক শিল্প নগরীসহ বিভিন্ন এলাকায় নিরাপদ খাদ্য আইনে এ অভিযান ও সংক্ষিপ্ত বিচার আদালতের (সামারি ট্রায়াল) কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন, কিশোরগঞ্জের বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম।

 

আদালত সূত্রে জানা যায়, মারিয়া বিসিক শিল্প নগরীতে এম এম খান ফুডস (ম্যাক) কে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, দই ও দুগ্ধজাত পণ্য উৎপাদন ও সংরক্ষনের দায়ে ৪ লাখ টাকা। এশিয়া ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী-কে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং খাদ্যপণ্যের মোড়কে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে ৩ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া আজহার ফুড প্রোডাক্টস এন্ড বিস্কুট ফ্যাক্টরি-কে অস্বাস্থ্যকর পরিবেশে বন রুটি ও অন্যান্য খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ ও বিক্রির দায়ে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

এসময় অভিযানের অংশ হিসেবে সুগন্ধা ফুড প্রোডাক্টস, গাঙচিল রেস্তোরা, কাচ্চি ভাই, হোটেল খাওয়া দাওয়া, তাজ রেস্টুরেন্ট, মাটির হাড়ি রেস্তোরাসহ বিভিন্ন খাদ্য স্থাপনাতেও অভিযান পরিচালনা করা হয়। এসব প্রতিষ্ঠানে পাওয়া বিভিন্ন অসংগতি দূর করার বিষয়ে মৌখিকভাবে সতর্ক করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ এমরান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আশরাফুল ইসলাম তালুকদার, জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পালসহ পুলিশ, র‌্যাব ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা।

Share.