স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের মারিয়া ইউনিয়নের পূর্ব কাটিয়ারচরে পরিবেশবাদী সংগঠন ‘বৃক্ষ ব্যাংক’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) “সবুজ হবে বাংলাদেশ, বেকারত্ব হবে শেষ” এই স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করা হয়।
সংগঠনের নিজস্ব কার্যালয় প্রাঙ্গণে একটি চারাগাছ রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা বাবু শ্রী গোপাল চন্দ্র দেব।

বিশেষ অতিথি কিশোরগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আশরাফুল ইসলাম শামীম এবং সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) জাকির হোসেন তালুকদার। এছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় সুধীসমাজ উপস্থিত ছিলেন।
নিজস্ব কার্যালয়ে উদ্বোধনের পর কর্মসূচির দ্বিতীয় অংশ হিসেবে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ চত্বরে বৃক্ষরোপণ করা হয়। সেখানে মসজিদের পেশ ইমাম উপস্থিত মুসল্লিদের সাথে নিয়ে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।
এসময় অতিথিবৃন্দ ‘বৃক্ষ ব্যাংক’-এর এই পরিবেশবান্ধব ও দূরদর্শী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় তরুণ সমাজের এমন উদ্যোগ সত্যিই অনুকরণীয়। পর্যায়ক্রমে এই সবুজায়ন ও বৃক্ষরোপণ আন্দোলন জেলার প্রতিটি প্রান্তে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।