স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জ–ঢাকা রুটে চলাচলকারী আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের গন্তব্য নেত্রকোনার জারিয়া পর্যন্ত সম্প্রসারণের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন কিশোরগঞ্জের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে ‘আমরা কিশোরগঞ্জবাসী’ ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ ইকরাম হোসেন বলেন, কিশোরগঞ্জ এক্সপ্রেস জেলার মানুষের দীর্ঘদিনের আন্দোলন ও দাবির ফসল। কিশোরগঞ্জবাসীর স্বার্থ উপেক্ষা করে ট্রেনটির গন্তব্য পরিবর্তনের সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তিনি সতর্ক করে বলেন, কিশোরগঞ্জ এক্সপ্রেস নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র হলে জেলার মানুষ নীরব থাকবে না এবং প্রয়োজন হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
তিনি আরও বলেন, কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেনের সংখ্যা আগে থেকেই সীমিত। প্রতিদিন বিপুলসংখ্যক যাত্রী টিকিট সংকট ও যাতায়াতের ভোগান্তিতে পড়ছেন। এমন পরিস্থিতিতে কিশোরগঞ্জ এক্সপ্রেস অন্য জেলায় সম্প্রসারণ করা হলে জেলার মানুষের দুর্ভোগ আরও বাড়বে।
মানববন্ধন চলাকালে ঢাকা থেকে আসা কিশোরগঞ্জ এক্সপ্রেস স্টেশনে পৌঁছালে আন্দোলনকারীরা ট্রেনের ইঞ্জিনের সামনে রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। তবে এ ঘটনায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।
কর্মসূচিতে পৌর মহিলা কলেজের সহকারী অধ্যাপক আলহাজ ফরিদ আহাম্মদ, সাবেক কাউন্সিলর সাইফুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।
উল্লেখ্য, সম্প্রতি ডেপুটি স্পিকার কায়সার কামালের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ে কিশোরগঞ্জ–ঢাকা রুটের আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের চলাচল নেত্রকোনার জারিয়া পর্যন্ত সম্প্রসারণের সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে কিশোরগঞ্জের বিভিন্ন মহলে অসন্তোষ ও প্রতিবাদ দেখা দিয়েছে।