কিশোরগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের জমকালো সংবর্ধনা

0

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের উদ্যোগে ‘বেসরকারি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি-২০২৫’ পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ পরিবেশে কিশোরগঞ্জের নেহাল গ্রীন পার্কে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট, নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। একই সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিদেরও ক্রেস্ট প্রদান করে আয়োজকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোঃ মাজহারুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ড ও কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ জাতীয় ঐক্য পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল ইসলাম।

সচেতন নাগরিক কমিটির সদস্য প্রফেসর আব্দুল গণি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সিদ্দিক উল্লাহ, আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা, লাইসিয়াম শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা পরিচালক ও বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের সদস্য ইঞ্জিঃ মোঃ আনিছুর রহমান, নিফ আইটি লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মোবারক হোসেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিন্দু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ হারুনুর রশিদ।

বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান তাদের মধ্যে আত্মবিশ্বাস, উৎসাহ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলে। এ ধরনের আয়োজন শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিক মূল্যবোধ ও সুশিক্ষায় গড়ে ওঠার আহ্বান জানান।

শেষে অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট, নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিক্ষানুরাগী ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

Share.