স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থীকে এডমিট কার্ড না দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যকর পরিস্থিতি। বিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলা ও দায়িত্বহীনতার অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বালিয়া উচ্চ বিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী সাকিব আল হাসান যথাযথ নিয়মে রেজিস্ট্রেশন সম্পন্ন ও নির্ধারিত সব ফি পরিশোধ করেছেন বলে দাবি করেছেন। কিন্তু পরীক্ষার সময় ঘনিয়ে আসার পরও তাকে এডমিট কার্ড সরবরাহ করা হয়নি। ফলে চলমান এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা তার পক্ষে সম্ভব হয়নি, যা তার শিক্ষাজীবনে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে।
শিক্ষার্থীর অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, বিষয়টি একাধিকবার বিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করা হলেও তারা কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। বরং বারবার বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে। এতে করে তার মৌলিক শিক্ষার অধিকার মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী দ্রুত তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং অবিলম্বে এডমিট কার্ড প্রদান নিশ্চিত করার জন্য করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন।
তবে অভিযোগ অস্বীকার করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বালিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজাহান বাবুল জানিয়েছেন, শিক্ষার্থী সাকিব আল হাসান নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা ফি ও রেজিস্ট্রেশন ফি জমা দেয়নি। এমনকি রেজিস্ট্রেশন কার্যক্রমের আগে তাকে ফোন করে ডাকা হলেও সে উপস্থিত হয়নি। পরে এসে এডমিট কার্ড দাবি করায় তা প্রদান সম্ভব হয়নি বলে তিনি দাবি করেন।
এদিকে, করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে মুসলিমা জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ইতোমধ্যে বিদ্যালয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি এসএসসি পরীক্ষায় বালিয়া উচ্চ বিদ্যালয় থেকে মোট ১১৯ জন নিয়মিত শিক্ষার্থী অংশগ্রহণ করছে, যার মধ্যে ৭৭ জন ছেলে ও ৪২ জন মেয়ে। এছাড়াও ৪৭ জন অনিয়মিত শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।