ফসল রক্ষায় উদ্দেয়ার খাল পুনঃখননের দাবিতে চার গ্রামের কৃষকদের মানববন্ধন

0

স্টাফ রিপোর্টারঃ

কিশোরগঞ্জ সদর উপজেলার শোলাকিয়া, বাগপাড়া, আতকাপাড়া ও কলাপাড়াসহ আশপাশের বিস্তীর্ণ এলাকার কৃষকরা জলাবদ্ধতার ভয়াবহতা থেকে ফসল রক্ষায় শতবর্ষী উদ্দেয়ার খাল পুনঃখননের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। দীর্ঘদিন খালটি খনন না হওয়ায় এলাকার একাধিক বিলের পানি নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে, ফলে প্রতিবছরই ডুবে যাচ্ছে শত শত হেক্টর ফসলি জমি।

সোমবার (২৭ এপ্রিল) সকালে কলাপাড়া রেলক্রসিং সংলগ্ন খালপাড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে চার গ্রামের শতাধিক কৃষক ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশ নেওয়া কৃষকরা তাদের দীর্ঘদিনের ভোগান্তি ও ক্ষতির চিত্র তুলে ধরেন।

বক্তারা জানান, শুখনি বিল, কচ্ছুয়ার বিল, চিনাকান্দি বিল, মেয়াকোনা বিলসহ আশপাশের জলাধারগুলো থেকে পানি নিষ্কাশনের একমাত্র ভরসা ছিল উদ্দেয়ার খাল। কিন্তু বছরের পর বছর খনন না হওয়ায় খালটি তার নাব্যতা হারিয়েছে। খালের দুই পাড়ে অবৈধ দখল এবং ভরাটের কারণে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে।

মানববন্ধনে বক্তব্য দেন কলাপাড়ার আব্দুস সালাম, বাগপাড়ার মিজানুর রহমান, শোলাকিয়ার মহরম আলী ও সিরাজ উদ্দিন, আতকাপাড়ার শাহজাহান এবং মহিনন্দ ইউনিয়নের মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তারা বলেন, সামান্য বৃষ্টিতেই আলোরমেলা, নীলগঞ্জ রোড, রামকৃষ্ণ মিশন, খানিকাটা, বড়বাড়ি, শোলাকিয়া, বাগপাড়া, আতকাপাড়া ও কলাপাড়াসহ বিস্তীর্ণ এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে শুধু ফসলই নয়, বসতবাড়িও পানিতে তলিয়ে যায়, জনজীবনে নেমে আসে চরম দুর্ভোগ।

বক্তারা আরও বলেন, প্রতি বছর একই সমস্যার পুনরাবৃত্তিতে কৃষকরা আর্থিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। কৃষিনির্ভর এই অঞ্চলের অর্থনীতি হুমকির মুখে পড়ছে। দ্রুত খাল পুনঃখনন এবং অবৈধ দখল উচ্ছেদে কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে তারা জরুরি ভিত্তিতে উদ্দেয়ার খাল পুনঃখনন, অবৈধ দখল উচ্ছেদ এবং পানি নিষ্কাশনের টেকসই ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

স্থানীয় কৃষকদের আশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ নেবে এবং দীর্ঘদিনের এই জলাবদ্ধতা সমস্যা থেকে তারা স্থায়ী সমাধান পাবেন।

Share.