স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে পৃথক দুই ঘটনায় একদিকে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত হয়েছেন, অন্যদিকে একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) জেলা সদরের বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটায় এলাকায় চরম উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, সোমবার সকালে জেলা শহরের হারুয়া এলাকায় জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে মোঃ শামীম (৩২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়। নিহত শামীম ওই এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শামীমের সঙ্গে তার ফুফাতো ভাই সুলতানের ছেলে লিংকনের মধ্যে দীর্ঘদিন ধরে জমিসহ দোকান দখল নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে এ বিরোধকে কেন্দ্র করে লিংকন শামীমের ঘরে ঢুকে পরিবারের সদস্যদের সামনেই ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শামীমকে দ্রুত কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মা অভিযোগ করে বলেছেন, তাদের মালিকানাধীন একটি দোকান ও জমি জোরপূর্বক দখল করে রেখেছিল লিংকনরা। এ নিয়ে প্রায়ই বিরোধ চলত। ঘটনার দিনও দোকানের ভাড়া নিয়ে ভাড়াটিয়ার সাথে কথা বলার পর বাড়িতে ফিরে আসলে লিংকন এসে তার ছেলেকে পেটে ছুরিকাঘাত করে।
এলাকাবাসী ইমরান হোসেন বলেন, জমি সংক্রান্ত বিরোধ থাকলে আদালতের মাধ্যমে সমাধান করা যেত। প্রকাশ্যে এভাবে হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত লিংকন ঘটনার পর পালিয়ে গেছে, তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে একই দিনে কিশোরগঞ্জ সদর উপজেলার সাদুল্লারচর মধ্যপাড়া গ্রামে একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের (প্রায় ৩০ বছর বয়সী) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে কয়েকজন স্থানীয় বাসিন্দা পুকুরে একটি লাশ ভাসতে দেখতে পান। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয় বাসিন্দা ও লতিবাবাদ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক সাগর বলেন, সকালে লোকজন পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। আমরা চাই দ্রুত পরিচয় শনাক্ত করে যদি এটি হত্যাকাণ্ড হয়, তবে জড়িতদের আইনের আওতায় আনা হোক।
এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।